জানাজার নামাজের দোয়া - শনিবার, ৪ জুন ২০২২

শনিবার, ৪  জুন ২০২২ 
পোকোনো, পেনসিলভানিয়া 

আজকের লেখা জুমুআর খুতবার সারমর্ম না। কারণ, জুমআতে যাই নাই। খারাপ লাগছিলো। আগেই ভাবছিলাম আরেকটা লেকচার, যেটা রিসেন্টলি শুনেছি,  সেটা নিয়ে লিখবো। এর মধ্যে নাফিউল মেসেজ দিয়ে খুতবার ব্যাপারে  জিজ্ঞেস করায় এখনই সেটা লিখতে বসেছি। 

শেখ ওমর সুলায়মানের একটা ছোট লেকচার (লিংক নিচে দিয়ে দিচ্ছি) শুনছিলাম, যেখানে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা তিনি আলাপ করছিলেন। যদিও মাজহাবের ভিন্নতার কারণে আমরা দেশে যেভাবে পড়ি, তার থেকে একটু ভিন্ন, তবে ইজিয়ানের হুজুরের সাথে আলাপ করেছি, উনিও বললেন ঐভাবে পড়লেও হয়। ওমর সুলায়মান  লেকচারের এক পর্যায়ে বললেন, রাসূলে (সা:) বলেছেন  প্রত্যেক মুসলিমের উপর অন্য মুসলিমের ৫ টা হক বা অধিকার আছে। সেগুলো হলো: ১. কারো দেয়া সালামের উত্তর দেয়া, ২. কেউ অসুস্হ হলে তাকে দেখতে যাওয়া, ৩. কারো জানাজার নামাজে শরিক হওয়া, ৪. কেউ দাওয়াত দিলে দাওয়াত রাখা, ৫. হাঁচি দিয়ে কেউ 'আলহামদুলিল্লাহ' বললে তার উত্তরে 'ইয়ারহামুকাল্লাহ' বলা। 

সালামের ব্যাপারে ওমর সুলাইমান বললেন, কিয়ামতের আলামত হিসাবে রাসূল (সা:) নাকি বলেছেন শেষ দিকে এক মুসলিম অন্য মুসলিমকে শুধু চিনলে সালাম দিবে। অর্থাৎ এমন হবে যে কারো সালামের যোগ্য হতে হলে তার সাথে কোনো না কোনো কানেকশন বা পরিচয় থাকতে হবে।  চিন্তা করে দেখতে বললেন, আমরা কি একজন মুসলিমকে শুধু মুসলিম বলে বা জেনে ইদানিং সালাম দেই?  জানাজার নামাজের ব্যাপারে  শেখ ওমর সুলায়মান  চিন্তা করে দেখতে যে একজন মুসলিম দুনিয়াতে আসে আজান শুনে (জন্মের পর বাচ্চার কানের কাছে আজান দেয়ার ব্যাপারে ইঙ্গিত করে) কিন্তু কোনো নামাজ ছাড়া, আর দুনিয়া ছেড়ে যাওয়ার সময় ঠিক উল্টা, কোনো আজান দেয়া হয় না, কিন্তু জানাজার নামাজ পড়া হয়।  এ যেন কারো জীবন যেন পুরোটাই নামাজের মধ্যে থাকে সেটার গুরুত্বই বোঝাচ্ছে। 

যাই হোক, এই জানাজার নামাজের ব্যাপারে কিছুদিন আগে একজন হাফেজ, ক্বারীর সাথে আলাপ হচ্ছিলো।  উনি আফসোস করে বলছিলেন, কারো বাবা-মা মারা গেলে বাংলাদেশে আমরা সাধারণত  নিজেরা জানাজার নামাজ না পড়িয়ে হুজুর দিয়ে নামাজ পড়াই।  যদিও নিয়ম নাকি কারো প্রাপ্তবয়স্ক  ছেলে থাকলে তারই উচিত জানাজার নামাজে ইমামতি করা। শুধু তাই না, আমরা অনেকে জানাজার নামাজের নিয়ম কিংবা দোয়া যেটা পড়া হয়, সেটাও জানি না।  দোয়াটার অর্থ  খুবই সুন্দর। মুখস্থ করে ফেলাটাও কঠিন না। নিচে বাংলা শব্দের অর্থে দোয়াটার উচ্চারণ দিয়ে দিচ্ছি। শুনে শুনে মুখস্থ করার জন্য ইউটুবে একটা খুবই কাজের ভিডিও লিংকও দিয়ে দিচ্ছি। 

আল্লাহুম্মা - ও আল্লাহ

মাগফিরলি - মাফ করে দাও

হাইয়্যিনা - আমাদের জীবিতদের

ওয়া মায়্যিতিনা - এবং আমাদের মৃতদের

ওয়া শাহীদিনা - এবং আমাদের উপস্থিতদের

ওয়া গোয়িবিনা - এবং আমাদের অনুপস্থিতদের

ওয়া সোগিরিনা - এবং আমাদের কমবয়সীদের

ওয়া কাবীরিনা - এবং আমাদের বৃদ্ধদের

ওয়া যাকারিনা - এবং আমাদের পুরুষদের

ওয়া উনসানা - এবং আমাদের নারীদের

আল্লাহুম্মা - ও আল্লাহ

মান আহ্বইয়াইতাহু - যাকেই জীবিত রাখো তুমি

মিন্না - আমাদের মধ্যে

ফা আহ্বয়িহি - জীবিত রেখো

আলাল ইসলাম - ইসলামের উপর

ওয়া - এবং

মান তাওয়াফ্ফাইতাহু - যাকেই মৃত্যু দাও

মিন্না - আমাদের মধ্যে

ফা তাওয়াফ্ফাহু - মৃত্যু দিও তুমি

আলাল ঈমান - ঈমানের (বিশ্বাসের) উপর

একসাথে অর্থ: ও আল্লাহ মাফ করে দাও আমাদের (মধ্যে) জীবিতদের, এবং মৃতদের, এবং উপস্থিতদের, এবং অনুপস্থিতদের, এবং কম বয়সীদের, এবং বেশি বয়সীদের, এবং পুরুষদের, এবং মহিলাদের। ও আল্লাহ আমাদের মধ্যে যাদের তুমি জীবিত রাখো, তাদের ইসলামদের উপর জীবিত রেখো আর যাদের তুমি মৃত্যু দাও, তাদের মৃত্য তুমি ঈমানের উপর দিও।

লিংক:

ওমর সুলায়মানের লেকচার: https://youtu.be/QZCqfqyLwCk জানাজার দোয়া শুনে শুনে মুখস্থ করার জন্য ইউটুব লিংক: https://youtu.be/8izILTP1bek





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পর্ব - ৬ । সিরাহ বছর: ৪ । কুৎসা রটনার কুরআনিক জবাব ও অন্ধ সাহাবীর ঘটনা

শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১৮ জুলাই, ২০২৫): রাসূলের (সাঃ)'র 'অপরিচিত' সাহাবীরা (রাঃ)

শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (১১ নভেম্বর, ২০২২): যে ভালো কাজগুলো ধ্বংসের কারণ