এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (১০ নভেম্বর, ২০২৩): কলবের (ঈমানের) স্থিতির দোয়া
এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (৫ জানুয়ারী, ২০২৪): ক্বালবের (ঈমানের) স্থিতির দোয়া
ইমাম শিবলী । ইসলামিক সোসাইটি অফ সেন্ট্রাল জার্সি, নিউ ব্রান্সউইক টাউনশিপ, নিউ জার্সি
[সাইডনোট: কাজ থেকে একটু দেরি করে জুমুয়ায় পৌঁছেছি। খুতবার অনেক অংশই শুনতে পাই নাই। কিন্তু যতটুকু শুনেছি, সেটায় একটা দোয়ার আলোচনা ছিল। যখনই কোনো খুতবায় 'করা যায়' এমন কিছু নিয়ে আলাপ থাকে, আমার খুব ভালো লাগে। দোয়াটা অর্থসহ লিখবো ইনশাআল্লাহ। আর সহজে মুখস্থ করার জন্য ইউটুবের লিংক দিয়ে দিচ্ছি, কয়েকবার শুনেই মুখস্থ করে ফেলা সম্ভব।]
ইমাম আক্ষেপ করে বললেন, জুমুয়ার প্রথম জামাতে [আমেরিকায় মসজিদের সংখ্যা কম হওয়ায় হয়তো, অনেক মসজিদেই জুমুয়ার নামাজের কয়েকটা জামাত হয়] অনেক লোকের সমাগম হয়। দ্বিতীয় জামাতে আরো বেশি লোক হয়। কিন্তু আসরে, কিংবা ফজরে এক কাতার'ও লোক হয় না। ইমাম বললেন, তিনি বলছেন না যারা দূর-দূরান্ত থেকে জুমুয়াতে আসেন, তারা ফজরে কিংবা আসরে জামাতে নামাজ আদায় করতে এই মসজিদে আসবেন, কিন্তু স্থানীয় যারা, যারা চাইলেই একটু কষ্ট করে আসতে পারেন - তাঁদের মসজিদে জামায়াতে নামাজ আদায় করতে আসা উচিত।
এরপর ইমাম বললেন, তিনি আমাদের আজকে একটা দোয়া শিখিয়ে দিবেন। আমাদের রাসূল (সাঃ) আমাদের অনেক দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। যার মধ্যে একটা আমরা সবাই কমবেশি জানি: "রাব্বানা আ'তিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান্নার" - যার অর্থ হচ্ছে "আমাদের রব! দুনিয়ায় আমাদের হাসানাহ (উত্তম) দিন, এবং আখিরাতেও হাসানাহ দিন, এবং [জাহান্নামের 'নার'] আগুনের আযাব থেকে আমাদের রক্ষা করুন। ইমাম বললেন, কিন্তু রাসূল (সাঃ) নিজে, কুরআনের পরেই সবচেয়ে বেশি যে দোয়াটা পড়তেন, চলতে-ফিরতে সব সময় বলতেন সেটা হচ্ছে 'কলব' বা অন্তরের সুরক্ষার জন্য দোয়া। ইমাম বললেন, এই "কলব" শব্দের আক্ষরিক অর্থ হৃদপিন্ড হলেও আসলে এর মানে হচ্ছে অন্তর আর সেই হিসাবে সেটা কারো অন্তরের ঈমানের বা বিশ্বাসকেই বোঝায়। রাসূল (সাঃ) আল্লাহর রাসূল হয়েও নিজের অন্তরের ঈমানের ব্যাপারে ভীত ছিলেন, তিনি নিজে সব-সময় যখন এই দোয়াটা করতেন, তাহলে আমাদের জন্য এই দোয়াটা কতটা জরুরি সেটা সহজেই বোঝা যায়। দোয়াটা ছোট আর খুব সহজ। দোয়াটা শব্দের অর্থে এই রকম:
ইয়া -- হে
মুক্বাল্লিবাল ক্বুলুব -- নিয়ন্ত্রণকারী অন্তরের !
সাব্বিত -- দৃঢ়, মজবুত বা স্থির করো
ক্বালব-ই -- অন্তর আমার
আ'লা -- উপর
দ্বীন-ইক -- দ্বীন [ইসলামের] তোমার
আরবি উচ্চারণ: ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব! সাব্বিত ক্বালবী আ'লা দ্বীনিক!
পুরো অর্থ: হে অন্তরের নিয়ন্ত্রণকারী! আমার অন্তর তোমার দ্বীনের উপর দৃঢ় করো!
ইমাম বললেন, বেহেশতের যেমন অনেক স্তর আছে, দোজখেরও অনেক স্তর আছে। আর দোজখের সবচেয়ে নিচের স্তরে দুই ধরণের মানুষের স্থান হবে। এক দল যারা প্রমান পাওয়ার পরও আল্লাহকে অস্বীকার করে আর আরেকদল যারা মুনাফিক। যাদের মুখে ঈমান আছে কিন্তু অন্তরে ঈমান নাই। এদের মধ্যে আরো আছে যারা মনে করে তাদের দ্বীনের উপর ঈমান অন্য মুসলিমের চেয়ে বেশি বা উপরে [কারো অন্তরের ঈমানের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ জানে না]। কাজেই আমাদের ক্বলবের সুরক্ষার জন্য, আল্লাহর মনোনীত দ্বীন, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে, রাসূল (সাঃ)' র সুন্নত অনুযায়ী এই দোয়া আমাদের সব সময় করা উচিত।
ইউটুবে দোয়াটা শুনে মুখস্থ করার জন্য লিংক: https://youtu.be/9PR0VIt9ruw?si=wG31Gw6-zj2gPOAy
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন