এই শুক্রবারের খুতবার সারমর্ম (১০ অক্টোবর, ২০২৫): সন্তান পালনে চার উপদেশ
এই শুক্রবারের খুতবার সারমর্ম (১০ অক্টোবর, ২০২৫): সন্তান পালনে চার উপদেশ
ইমাম ফারাজ খান । মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন । ওয়েস্ট উইন্ডসর, নিউ জার্সি
ইমাম খুতবার শুরুর দিকে বললেন, আজকের খুতবায় তিনি সন্তান পালনের জন্য কয়েকটা উপদেশ নিয়ে আলোচনা করবেন। তিনি নিজেও এই বিষয়টা নিয়ে মাঝে মাঝে ভুগেন। তবে এই জামাতে যারা এখনো বিবাহিত না, কিংবা সন্তানহীন তাদের জন্যও খুতবাটা কাজে লাগবে, কাজেই তিনি চান সবাই যেন খেয়াল করে শুনেন, কান যেন বন্ধ করে না দেন। ইমাম এরপর চারটা উপদেশ নিয়ে আলোচনা করলেন। প্রথমেই বললেন, সন্তান পালনের নিয়ম বা উদ্দেশ্য খুব সাধারণ: সন্তানদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলা, আর খারাপ অভ্যাস থেকে বেঁচে চলতে তৈরী করা - এইটুকুই। এরপর বললেন, আমরা যেন একটু চিন্তা করে দেখি এই ব্যাপারে প্রথম উপদেশ কী হতে পারে? আমরা কী করতে পারি?
এরপর ইমাম বললেন, প্রথম উপদেশ হচ্ছে, সন্তানদের 'বিসমিল্লাহ' বলার উপদেশ দেয়া, অভ্যাস গড়ে দেয়া। রেফেরেন্স দিয়ে বললেন, আমাদের রাসূল (সাঃ) প্রতিটা কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলতেন: খাবার আগে, মসজিদে প্রবেশের সময়, ঘরে ঢোকার সময় ইত্যাদি। কাজেই, এইটা রাসূলের সুন্নত। আর এই সুন্নতটাই আমাদের সন্তানদের প্রথমে শেখাতে হবে, অভ্যাস করাতে হবে। এই অভ্যাস করলে তাদের মধ্যে আল্লাহ'র উপর ভরসা করার মনোভাব তৈরী হবে।
দ্বিতীয় হচ্ছে, ভালো চরিত্র বা ব্যবহার। বড়দের শ্রদ্ধা করা, অন্যের কথা শোনার অভ্যাস, শুধু নিজের কথাই জোর করে চাপিয়ে না দেয়ার শিক্ষা দিতে হবে। ইমাম বললেন, এই ব্যাপারে রাসূল (সাঃ)'র একটা হাদিস আছে, যেখানে দুইভাই, যাদের মধ্যে স্পষ্টতই একজন বড়, আরেকজন ছোট ছিল - রাসূল (সাঃ)'র কাছে গিয়ে কোনো একটা ব্যাপারে কথা বলতে গিয়ে ছোটভাই প্রথমে শুরু করলে রাসূল (সাঃ) নাকি থামিয়ে দিয়ে বলেছিলেন, আগে বড়ভাইকে কথা বলতে দাও। এই ব্যাপারটা আয়ত্ব করতে পারলে "আদাব" শিক্ষা হবে, নিজের উপর নিয়ন্ত্রণ আসবে।
তৃতীয় হচ্ছে, সন্তানদের কোনো ব্যাপারে উপদেশ দিয়ে গিয়ে আমরা যেন তাদের লেকচার দিয়ে না বসি। বললেন, এই ব্যাপারটা নিয়ে তিনি নিজেও স্ট্রাগল করেন। সন্তানকে "আমি যেভাবে বলি, সেভাবে করো" - এইটা না বলে বরং "আমি যেভাবে করি, সেভাবে করো" - এইটা শেখাতে হবে। অর্থাৎ, আমাদের কাজই তাদের জন্য উদাহরণ হতে হবে। উদাহরণ দিয়ে বললেন, আপনার আমার সন্তান যদি খাবার টেবিলে বসে ফোন দেখে, পা-তুলে চেয়ারে বসে টিভি দেখতে দেখতে খাবার খায় - চিন্তা করে দেখুন এই বাজে অভ্যাস গুলো কোথা থেকে শিখেছে? আমাদের দেখেই শিখেছে। আরো বললেন, গবেষণায় আছে, ধূমপায়ী মা-বাবার সন্তানেরা ধূমপানে আসক্ত হবে সেই সম্ভাবনা অনেক বেশি। তাই, নিজের মধ্যে ভালো অভ্যাস, আদাব, আচরণ থাকলে সন্তানও সেগুলো দেখে শিখবে। এই ব্যাপারে ইমামের আরেকটা কথা আমার বেশ ভালো লেগেছে। বলেছেন, সন্তানকে বলতে হবে, আমাদের জন্য উদাহরণ বা স্ট্যান্ডার্ড হচ্ছেন রাসূল (সাঃ) - মা-বাবা হিসাবে আমাদের অনেক ভুল থাকবে, আমাদের সব কাজ ঠিক, অনুকরণীয় সেটা না - এই ব্যাপারটা তাদেরকে বলতে হবে।
চতুর্থ পয়েন্ট বলতে গিয়ে ইমাম বললেন, তিনি প্রায়ই একটা কমন অভিযোগ/অনুযোগ মা-বাবা কিংবা দাদা-দাদির কাছ থেকে শুনতে পান, সেটা হচ্ছে, তাদের সন্তান, কিংবা নাতি-নাতনি তাদের সন্মান করে না। আরো একটা অভিযোগ পান, তারা তাদের 'সালাম' দেয় না। ইমাম বললেন, এই ব্যাপারে উপদেশ হচ্ছে, আমাদের মনে রাখতে হবে: সন্মান পাওয়া যায় না, অর্জন করতে হয়। ইমাম বললেন, আপনার সন্তানকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, মূল্য দিয়ে, সন্মান দিয়ে কথা বলুন, দেখবেন সেও আপনাকে সন্মান দিচ্ছে। সন্তানকে আপনি প্রথমে 'সালাম' দিন। আমরা ভাবি বড় হিসাবে ছোটদের কাছ থেকেই আমাদের 'সালাম' পেতে হবে। কিন্তু না, রাসূল (সাঃ)'র উপদেশ হচ্ছে প্রথমে নিজেই সালাম দেয়া। ইমাম উদাহরণ দিয়ে বললেন, আপনি বয়সে মুরুব্বি, মসজিদে প্রবেশ করে মনে মনে আশা করেন অন্যরা আপনাকে সালাম দিবে, সালাম না পেলে মনে মনে ভাবেন এরা কোনো আদাব-কায়দা শিখে নাই - কিন্তু সেই আপনি যদি মসজিদে ঢোকার সময় অন্য দিকে তাকিয়ে চুপচাপ না ঢুকে, যখন যেচেই কারো সাথে দেখা হওয়া মাত্রই সালাম দিবেন, দেখবেন পরের বার তারাই দেখা হওয়া মাত্র আপনাকে প্রথমে সালাম দেয়ার চেষ্টা করছে। কারণ আপনি তাদের সাথে এই সালামের মাধ্যমেই একটা সম্মানের কানেকশন তৈরী করেছেন।
[সবশেষ: অনেকদিন ধরে রাসূল (সাঃ)'র জীবনী, সিরাহ সিরিজের উপর লেখা হয়ে উঠছে না। এই সপ্তাহে লিখবো ঠিক করেছিলাম। কিন্তু শুক্রবারের খুতবাটা বেশ ভালো ছিল আর নিজের জন্য শেখার বেশ কিছু পয়েন্ট পাওয়ায় ভাবলাম এইটা নিয়েই লিখি (আমি ডিপার্টমেন্ট, কিংবা ব্যাচের সিনিয়র-জুনিয়র ব্যাপারটা খুব মেইনটেইন করি, শোধরাতে হবে)। আর এই খুতবার লিংক, আগের সব খুতবার সারমর্মের লেখার লিংক, রাসূল (সাঃ)'র জীবনী সিরিজের লিংক নিচে দিয়ে দিচ্ছি, দেখতে পারেন। দোয়া করবেন।]
খুতবার লিংক: https://www.youtube.com/live/WIuA6lRiImY?si=s_WoBnTWPuAEEIhD
আগের লেখা: https://banglakhutba.substack.com/archive
সিরাহ সিরিজ: https://banglasirah.substack.com/archive
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন