এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৩ ডিসেম্বর, ২০২২): লোক দেখানো বা রিয়া
এই শুক্রবারের জুমুআর খুতবার সারমর্ম (২৩ ডিসেম্বর, ২০২২): লোক দেখানো ইবাদত বা রিয়া
মুসলিম সেন্টার অফ গ্রেটার প্রিন্সটন, নিউ জার্সি।
ইমাম বললেন যখন কেউ আমাদের দেখছে না, তখন আমরা যে ইবাদত করি, সেটাতে রিয়ার বা লোক দেখানোর সম্ভবনা কম বা নাই, কিন্তু যখনই আমাদের নামাজ, জাকাত কিংবা অন্য যেকোনো ইবাদতে অন্য মানুষজনের উপস্থিতি থাকে, তখনই শয়তান আমাদের মধ্যে লোক দেখানোর কিংবা রিয়ার একটা প্ররোচনা দেয়। বিশেষ করে, যখন আমরা একটু ইসলামী পড়াশুনা করে কিছুটা জ্ঞান অর্জন করি, কিংবা একটু প্রাক্টিসিং হই - তখন এই লোক দেখানো, কিংবা নিজেকে জাহির করার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা দিতে পারে। সেজন্য তখন আমাদের একটু বেশিভাবে সতর্ক থাকতে হবে। আর যার জ্ঞান নাই, তার সেটা জাহির করার সুযোগও নাই। কিন্তু যার আছে, তার জন্য এই রিয়া হয়ে যাবার সম্ভাবনা বিশেষ ভাবে ভাবার বিষয়। আমাদের রাসূল (সাঃ) নাকি তার উম্মতের মধ্যে এই রিয়ার আশংকা করে গেছেন।
ইমাম বললেন, ইসলামে যেকোনো কাজের পেছনে নিয়তের গুরত্ব খুবই বেশি। কাজেই আমাদের যেকোনো কাজ, সেটা দৈনন্দিন হোক, আর ইসলামী ইবাদত হোক - কাজটা শুরুর আগে নিজেদের কাছে নিয়ত পরিষ্কার করে নিয়ে শুরু করতে হবে। আর আল্লাহর ইবাদত কিংবা তাকে খুশি করার জন্য করা নিয়তের কাজে রিয়ার সুযোগ কম। ইমাম সাবধান করে বললেন, এই রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে আবার যেন আমরা ইবাদত করাই বন্ধ করে না দেই। অনেক সময় এটাও শয়তানের একটা চালাকি। সে বোঝাতে থাকে, তোমার এই কাজ তো আসলে 'রিয়া' হয়ে যাচ্ছে, তার থেকে না করাই ভালো! ইমাম বললেন, আমাদের ইবাদত বা ভালো কাজ বন্ধ করা যাবে না। শুধু করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। উদাহরণ দিয়ে বললেন, পথে চলতে আমরা যেমন গর্ত, বাধা এড়িয়ে চলি, সেসবের কারণে পথ চলা যেমন থামিয়ে দেই না - একই ভাবে রিয়ার ভয়ে কাজ থামানো যাবে না, শুধু সতর্ক থাকতে হবে।
এরপর তিনি রিয়া থেকে বাঁচার কিছু উপায় বললেন। যেকোনো কাজ 'বিসমিল্লাহ' বলে শুরু করে প্রথমেই আমরা নিজেদের যেন স্মরণ করিয়ে দেই - এই কাজ আমি আল্লাহ কে খুশি করার জন্য করছি। তারপর কাজ শুরুর পরে যদি মনে হয় বা আমরা যদি বুঝতে পারি, এটা এতক্ষন লোক দেখানো হয়ে যাচ্ছিলো, তখন ওই অবস্থায় মাফ চেয়ে, নিজেদের শুধরিয়ে নিয়ে বাকি কাজ করতে পারি। আরো বললেন, আমরা সবসময়ই আল্লাহর কাছে সাহায্য আর আশ্রয় চাইতে পারি। নামাজে আমরা প্রতিদিনই সূরা ফাতেহা পড়ার সময় "ইয়্যাকানাবুদু ওয়া ইয়্যাকনাস্তায়ীন" - অর্থাৎ, আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই - বলি। অন্য কাজের সময়ও সেটা স্মরণ করে কিংবা বলে আমরা আল্লাহর কাছে সাহায্য আর আশ্রয় চাইতে পারি।
[সাইড নোট: আগের খুতবার সারমর্ম গুলো পড়তে বা এক জায়গায় পেতে নিচের ওয়েবসাইটে যেতে পারেন:
https://banglakhutba.substack.com/]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন