[অনলাইন] এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২০ জানুয়ারী, ২০২৪): তাহাজ্জুদের নামাজ ড. ওমর সুলাইমান । ইয়াকীন ইনস্টিটিউট ।
[অনলাইন] এই শুক্রবারের জুমআর খুতবার সারমর্ম (২০ জানুয়ারী, ২০২৪): তাহাজ্জুদের নামাজ
ড. ওমর সুলাইমান । ইয়াকীন ইনস্টিটিউট ।
[ডিসক্লেইমার, সাইডনোট: গত শুক্রবার এইখানে অনেক বেশি স্নো পড়েছে। স্কুল বন্ধ, কাজের জায়গাতেও অনলাইনে কাজ করতে বলে দিয়েছিলো। আমি জুমুআতে যাই নাই, খুতবা শুনি নাই।। কিন্তু পরে ড. ওমর সুলাইমানের খুতবাটা অনলাইনে শুনলাম। সেটাই এখন লিখছি। কিন্তু আসল কথা হচ্ছে, অন্য কাজ করতে করতে ইউটুবে একবার মাত্র শুনে লিখছি। কাজেই অনেক কিছু ভুল হতে পারে, বাদও পড়তে পারে। তবে রেফারেন্স চেক করে লিখছি। মূল আলোচনাটাই লিখবো ইনশাআল্লাহ। নিচে লিংক দিয়ে দিচ্ছি, আর বরাবরের মতো অনুরোধ, সম্ভব হলে ১৫ মিনিট খরচ করে নিজেই খুতবাটা শুনে নিবেন। ]
ইমাম বললেন, আমরা আমাদের কাজের মাধ্যমে রাসূল (সাঃ)'র উম্মতের জন্য একটা বোঝা হতে পারি, আবার তাদের জন্য একটা আশীর্বাদ হিসাবেও কাজে আসতে পারি। ইমাম বললেন, আর উম্মতের জন্য আশীর্বাদ হতে চাইলে সবচেয়ে সহজ হচ্ছে তাদের জন্য দোয়া করা। কারো জন্য করা দোয়ার শক্তি যে কত সেটা হয়তো আমরা অনেকেই বুঝি না। আর এই দোয়া করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নামাজে দোয়া করা, আর 'কিয়ামুল লাইল' বা রাতের দাঁড়ানো, অর্থাৎ তাহাজ্জুদের সময় করা দোয়ার মতো কার্যকরী আর কিছুই নাই।
ইমাম বললেন, আমাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন, "আরে আমি তো ৫ ওয়াক্ত ফরজ নামাজই ঠিকমতো আদায় করতে পারি না", কিংবা "ফজরের নামাজের জন্য সকালে উঠাই যখন আমার জন্য কষ্ট হয়ে যায়, তখন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো? আগে তো আমার ৫ ওয়াক্ত নামাজ ঠিক করে নেই" - ইত্যাদি। ইমাম বললেন, কিন্তু হয়তো কোনো এক রাতে এই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে যে মধুর স্বাদ বা সন্ধান আপনি পাবেন, হয়তো সেটাই আপনার নামাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দিবে, আপনার ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে সাহায্য করবে।
ইমাম বললেন, রাসূল (সাঃ) যখন মদিনায় হিজরত করে আসেন, তখন প্রথম যেই বক্তব্য দেন - সেটা শোনার জন্য মদিনার মুসলিম, নন-মুসলিম, ইহুদি, হয়তো কিছু ক্রিস্টান - সবাই জড়ো হয়েছিল। সেই বক্তব্যে রাসূল (সাঃ) কী বলেছিলেন সেটা কী আমরা জানি? সহীহ বুখারী হাদিসে আছে যে তিনি বলেছিলেন [আমি নিজের মতো লিখছি]: "ও মানুষ! শান্তি ছড়াও, ক্ষুধার্তকে খাওয়াও, আত্মীয়তার বন্ধন বজায় রাখো, আর রাতে ইবাদত করো, যখন অন্যেরা ঘুমিয়ে থাকে। আর এর মাধ্যমেই তোমরা জান্নাতে শান্তির সাথে প্রবেশ করবে"। ইমাম বললেন, এই বক্তব্য ছিল মদিনায় নতুন একটা সমাজ গঠনের জন্য দেয়া উপদেশ। তিনি খেয়াল করতে বললেন, সেই সমাজের ইউনিক বৈশিষ্ট হিসাবে রাসূল (সাঃ) তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছেন।
এরপর ইমাম বললেন, এর আগে মক্কায় যখন হিরা গুহায় রাসূল (সাঃ) ওহী পান, ভয় পেয়ে যান, খাদিজা (রাঃ) কাছে গিয়ে তাকে কম্বল/লেপ মুড়িয়ে দিতে বলেন, এরপর আল্লাহ তা'য়ালা যখন আবার জিব্রাইল (আঃ)'র মাধ্যমে ওহী পাঠান, তখন আল্লাহ তা'য়ালা কী বলেছিলেন, খেয়াল করুন [সূরা মুজাম্মিল, সূরা নম্বর ৭৩, আয়াত ১-২]: "হে বস্ত্রাবৃত! ওঠো, রাতে দাঁড়াও (ইবাদত করার জন্য), কিছু অংশ বাদ দিয়ে"। অর্থাৎ, ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে, আমাদের রাসূল (সাঃ)'র জন্য তাহাজ্জুদের নামাজ পড়াই ফরজ ছিল। ইমাম আরো বললেন, এই আদেশ তখন সমাজ গঠনের জন্য না, রাসূল (সাঃ) কে নবুয়তের জন্য তৈরী করার জন্য ছিল। ইমাম বললেন, কাজেই বোঝা যাচ্ছে, ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে, সমষ্টিগতভাবেও নিজেদের তৈরী করতে তাহাজ্জুদের নামাজের প্রয়োজন আছে।
ইমাম এরপর সালাহউদ্দিন আইয়ুবীর একটা ঘটনা বললেন, যেখানে জেরুজালেমে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য অপেক্ষা করার সময়, তিনি তাঁবুতে তাঁবুতে গিয়ে নাকি যখন দেখলেন তাঁর সৈন্যবাহিনী তাহাজ্জুদ পড়ছে, তার পরেই নাকি তিনি আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নেন। আর এর কারণ, যখন তাহাজ্জুদে কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ'র কাছে কিছু চায়, তখন তাঁর মনে যে প্রশান্তি কাজ করে, যে স্থিরতা আসে, তখন তাকে দমানোর কেউ থাকে না।
ইমাম বললেন, গাজায় চলা ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা কেউই আসলে আর আগের মতো নাই। আমাদের জীবন, এর অর্থ, জীবনে কোন জিনিসটা প্রাধান্য পাবে, পরকাল ইত্যাদি নিয়ে আমরা সবাই জেনে হোক, বা না জেনে, বুঝে বা না বুঝে, কম-বেশি সবাই চিন্তা করেছি, করছি। কীভাবে তাদের সাহায্য করা যায় ভাবছি। নিজেদের আত্মিক অবস্থা নিয়ে ভাবছি। আর এই সময়ে তাদের জন্য দোয়া করাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। কাজেই আমরা একটু কষ্ট করে, ত্যাগ স্বীকার করে যদি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি, দোয়া করি - সপ্তাহে হয়তো একবার, মাসে হয়তো একবার - তাহলে একটু একটু করে হলেও প্রথমত আমাদের নিজেদের উন্নতি হবে, রাসূল (সাঃ)'র উম্মতের জন্য আমরা বোঝা না হয়ে, আশীর্বাদ হবো।
খুতবার লিংক: https://www.youtube.com/live/VEGlX_87J3k?si=Zwxdec61qNquydrb
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন